বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৪ মে ২০২৬
বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন

কর্মজীবী মা-বাবাদের সন্তানের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। সেন্টারটির নাম দেওয়া হয়েছে ‘বিজিএমইএ মো. রিয়াজুদ্দিন ডে-কেয়ার সেন্টার’।

সোমবার (৪ মে) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এই ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন।

মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ’র কর্মীরা আমাদের এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবাদের সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।

ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।

উদ্বোধন শেষে সভাপতি ও বিজিএমইএ নেতারা ডে-কেয়ার সেন্টারের কক্ষ এবং শিশুদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করেন। বিজিএমইএ’র কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অফিসের অভ্যন্তরেই এমন মানসম্মত ডে-কেয়ার সুবিধা তাদের কর্মজীবনে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।