ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি আরও বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিকের সর্বোচ্চ পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সোমবার (৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনশোর বেশি ক্রীড়া কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়েও খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া সম্ভব।
পাবলিক থেকে প্রাইভেট—সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ক্রীড়াকে অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবারের আসরে মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
ইরফান উল্লাহ/এসআর/এএসএম