অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরে আসলে কোনো সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৩ এএম, ১২ মে ২০২৬
রাজধানীর শেরাটন হোটেলে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সোমবার (১১ মে)/ছবি জাগো নিউজ

অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করা নিয়ে অধ্যাদেশ জারিসহ যেসব কাজ করে গেছে তা 'আসলে কোনো রিফর্ম (সংস্কার) হয়নি' বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এনবিআরকে দুই ভাগ করার সমালোচনা করে তিনি বলেন, ‘ন্যাশনাল বোর্ড অব রেভিনিউয়ের রিফর্ম ইজ আ মাস্ট। ওই রিফর্মটা যেটা শুরু হয়েছিল বিগত ইন্টেরিম গভর্নমেন্টের সময়, উনারা একটা এনবিআরের বাইফারকেশন—পলিসি এবং এক্সিকিউশন দুই ভাগে ভাগ করার পরিপ্রেক্ষিতে যেটা করে রেখে গেছেন, সেটা অ্যাকচুয়ালি ইট ইজ হাফ-বেকড। এটা আসলে কোনো রিফর্ম হয়নি। এটা কিন্তু কিছু না থাকলে আমাদের জন্য সুবিধা। বাট ইফ ইউ আর লেফট উইথ হাফ-বেকড, তখন কিন্তু আপনার জন্য প্রবলেমেটিক। প্রথমে এটাকে আনডু করতে হবে, তো আবার রিফর্ম করতে হবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ রাইট নাও, দিস ইজ হোয়্যার উই স্ট্যান্ড।’

সোমবার (১১ মে) রাতে রাজধানীর শেরাটন হোটেলে বণিক বার্তা আয়োজিত ‌‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান মাহমুদ হানিফের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বেসরকারি গবেষণা সংস্থার (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘এনবিআরও আমাদের যেটা আমি বললাম পলিসিগতভাবে বাস্তবায়ন হয় না, টার্গেট দেয়... পলিসি তো প্রথমত ঠিক হয় না। এনবিআরের আমরা যখন ট্যাক্সের হিসাব করি যে ওই হিসাব মেলানোর জন্য একটা দিয়ে দিলাম ট্যাক্স। তো এটা তো হবে না। হিসাব মেলানোর জন্য আপনি যে ফিগার দেন ওইটা তো মিলবে না কোনো দিন। সো আমরা এখন হিসাব মেলানোর জন্য না করে আমরা আসলে রিয়েলি যতটুকু করতে পারবো। আর যেখান থেকে বাকি টাকাটা অর্থায়নের জন্য আমাদের মাল্টিল্যাটারাল বডিগুলো আছে, আমাদের পার্টনার যারা আছে, বাইল্যাটারাল পার্টনার—সবার সাথে আমাদের আলাপ হচ্ছে।’

আরও পড়ুন
আইএমএফের শর্ত দেশের অর্থনীতির জন্য সুইটেবল নয়: অর্থমন্ত্রী

বিভিন্ন দাতাসংস্থাকে খুশি করতে জেনেশুনে রাজস্বের এমন লক্ষ্যমাত্রা দেওয়া হয় যা অর্জন হবে না- এমন মন্তব্যও করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আমার ট্যাক্স-জিডিপিতে বারবার টার্গেট দেওয়া হয়, মিট করা যায় না। টার্গেট দেওয়া হয় অনেক কারণে, এগুলো মাল্টিল্যাটারাল বডিকে স্যাটিসফাই করতে হয়। জেনে শুনে টার্গেট দেওয়া হয় যেটা মিট হবে না।’

ঋণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে শর্তগুলো দিচ্ছে, তা দেশের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ নয় বলে এ অনুষ্ঠানে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘সব জায়গায় আমরা একমত হচ্ছি না। অনেক জায়গায় দ্বিমত হচ্ছে, আইএমএফের সঙ্গে দ্বিমত হচ্ছে। কারণ আইএমএফ যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না।’

এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বাস্তবায়নের জন্য আমাদের প্ল্যানিং কমিশনের বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি। ...প্রজেক্ট হওয়া থেকে শেষ পর্যন্ত টাইম ফ্রেমের বাইরে যাতে যেতে না হয়—উইদিন দ্য টাইম ফ্রেম। এবং এজন্য প্রত্যেকটা রেসপন্সিবল মিনিস্ট্রিকে কতগুলো ডিরেকটিভ দেওয়া হচ্ছে মান্থলি মনিটরিং রিপোর্ট দেওয়ার জন্য।’

ইএইচটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।