সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ এএম, ১২ মে ২০২৬
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে/ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ ও ১৪ মে দুদিনব্যাপী সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ মে) বিকেলে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

সভায় সভাপতি পদপ্রার্থীরা প্রত্যেকে ১২ মিনিট, সহ-সভাপতি পদপ্রার্থীরা ৫ মিনিট এবং সম্পাদক পদপ্রার্থীরা ১০ মিনিট করে বক্তব্য রাখেন। এছাড়া কোষাধ্যক্ষ পদপ্রার্থীরা ৩ মিনিট এবং সহ-সম্পাদক ও সদস্য পদপ্রার্থীরা প্রত্যেকে ২ মিনিটের মধ্যে নিজেদের পরিচিতি তুলে ধরেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো- একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য।

jagonews24

তফসিল অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় এবং ওই দিনই বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী সমর্থকরা না থাকায় মূলত লড়াই হবে সরকার সমর্থক এবং বিরোধীদলের সমর্থকদের মধ্যে।

বিএনপি সমর্থক প্যানেল

বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন; দুটি সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান; সম্পাদক পদে মোহাম্মদ আলী; কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান; দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতটি সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।

জামায়াত সমর্থক প্যানেল

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন; দুটি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী; সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার; কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম; দুটি সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন।

jagonews24

৭টি সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনসিপি সমর্থিত প্যানেল

এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছেন। এর মধ্যে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।

প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান; সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো৷. রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মো. জয়নুল আবেদীন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজি মো. তৌহিদুল ইসলাম ও সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন ও আইনজীবী মো. মাহবুবুর রহমান খান ছাড়াও কয়েক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।