বছরের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে
চলমান রাজনৈতিক অস্থিরতায় ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আর বিছিন্ন হরতালে দর পতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। এর মধ্যে টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৮৪ কোটি টাকা। চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয় ৫ জানুয়ারি ২০৪ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে জানা গেছে, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৬৮ লাখ টাকা। যা ২৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর লেনদেন হয়েছিল ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।
ডিএসইতে দিন শেষে ব্রড ইনডেক্স ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫৪ পয়েন্টে। মোট ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সিএসসিএক্স সূচক ১২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬১০ পয়েন্টে। মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার। সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি টাকা। এর আগে ৫ জানুয়ারি সিএসইতে লেনদেন হয়েছিলো ১৪ কোটি টাকা। সিএসইতে আজকের লেনদেন ১৯ কার্যদিবস বা ২৭ দিনের মধ্যে সর্বনিম্ন।
এসআই/আরএস/আরআই