সরকারি ব্যাংকে ঋণ খেলাপী প্রায় ২১ হাজার কোটি টাকা


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠানখাতে খেলাপী ঋণের পরিমাণ ২০ হাজার ৭৯৭ কোটি ৯ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সংসদে সরকারি দলের সদস্য আবদুর রউফ’র এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারি ব্যাংকগুলোতে বিভিন্ন খাতে মোট ৪২৪ কোটি ৬৬ লাখ টাকা খেলাপী বা শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়েছে।

সরকারি দলের সদস্য মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত বলেন, শ্রেণীকৃত ঋণ আদায় ব্যাংকসমূহ নিজস্ব নীতিমালা এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় অর্থঋণ আদালতে মামলা দায়েরের মাধ্যমে আদায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখাশুনা করছে।

সরকারি দলের আরেক সাংসদ এ কে এম শাহজাহান কামালের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সালের ৩০ জুনে বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ২৪ হাজার ৩৮৭ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় ১ লাখ ৮৯ হাজার ৫৪২ কোটি ৮০ লাখ টাকা।

তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ ২০৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় ১ হাজার ৫৭৪ কোটি ২৭ লাখ টাকা পরিশোধ করেছে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, এ সময়ে ঋণের আসল বাবদ ১ হাজার ৮৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ৮ হাজার ৪৭৬ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।