কৃষি ও শিল্প খাতের জন্য আইএফআইসির নতুন সেবা


প্রকাশিত: ১০:৪২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেড কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য নতুন সেবা পণ্য নিয়ে এসেছে। মঙ্গলবার ব্যাংকটি ‘আইএফআইসি কৃষি-শিল্প’ নামের নতুন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। এ উপলক্ষে রাজধানীর পূর্বানি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে আইএফআইসি ব্যাংক।

অনুষ্ঠানে প্রাথমিকভাবে ২৫জন উদ্যোক্তাকে ২০ কোটি টাকা ঋণ দিয়ে সেবাটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারেয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বক্তব্য রাখেন।

আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যবসায় দুইবছর বা তার বেশি সফল অভিজ্ঞতা রয়েছে, যারা মাসিক আয় দিয়ে ঋণ পরিশোধে সক্ষম ও যাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আবেদন করা ঋণের চেয়ে বেশি তারাই ‘আইএফআইসি কৃষি-শিল্প’ সেবার আওতায় ঋণ পাবেন।

ঋণের ধরণ হবে মেয়াদি, লিজ ফাইন্যান্স, ওভার ড্রাফট, ক্যাশ ক্রেডিট ও ডিমান্ড লোন। সেবার আওতায় ক্ষুদ্র ও মাঝারি এই সীমায় উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সীমা ৫০ লাখ এবং মাঝারি ঋণের সর্বোচ্চ ৫ কোটি টাকা

অনুষ্ঠানে ডাল মিল, সুগন্ধি চালের মিল, বেকারি, চা প্রক্রিয়াজাতকরণ, সরিষা তেল মিল খাতের ২৫ জন উদ্যোক্তাকে ২০ কোটি ১৭ লাখ টাকা ঋণের চেক দেওয়া হয়।

এসএ/এএইর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।