নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে বিএসইসির আলটিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৩ মে ২০২৬
সম্প্রতি বিএসইসির এক সভায় এ সতর্কবার্তা দেওয়া হয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করলেও এখনো উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান এ শর্ত পূরণ করতে পারেনি।

এ পরিস্থিতিতে আগামী ৩০ জুনের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের আলটিমেটাম দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি বিএসইসির এক সভায় এ সতর্কবার্তা দেওয়া হয়। করপোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোর কোম্পানি সচিবদের নিয়ে এ সভার আয়োজন করে বিএসইসির করপোরেট গভর্নেন্স বিভাগ। সভায় সভাপতিত্ব করেন কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম। রোববার (৩ মে) বিএসইসি থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, করপোরেট গভর্নেন্স কোড অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, করপোরেট লিডার, বিভিন্ন পেশাজীবী, সরকারি-বেসরকিারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকুরিজীবী (চাকরিরত বা অবসরপ্রাপ্ত), প্রফেশনাল ডিগ্রিধারী এবং হাইকোর্ট ডিভিশনের আইনজীবী পেশায় আছেন—এমন নারীদের তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পরও যারা এ শর্ত পূরণে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএসইসি থেকে জানানো হয়েছে, করপোরেট গভর্নেন্স কোড, ২০১৮-এর সংশোধনের মাধ্যমে ২০২৪ সালের ২৯ এপ্রিল গেজেট জারি করে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয়। শুরুতে এক বছরের সময়সীমা দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়।

কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) সর্বশেষ একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের হালনাগাদ তথ্য জমা দিয়েছে। ডিএসইর তথ্যানুযায়ী, বর্তমানে ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি এরই মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। তবে এখনো ১৩১টি কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে এ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

এমএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।