তৈরি পোশাক শিল্পে সহযোগিতার আশ্বাস কানাডার


প্রকাশিত: ১০:৫২ এএম, ২৩ মার্চ ২০১৫

তৈরি পোশাক শিল্পে সব ধরণের সহযোগিতার অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনা বেনওয়া পিয়ের লাঘামে। সোমবার বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

কানাডিয়ান হাইকমিশনার বলেন, কানাডার বাজারে বাংলাদেশের যেসব পণ্যের শুল্কমুক্ত সুবিধা রয়েছে তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ কানাডার বাজারে তৈরি পোশাক রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নতির যে লক্ষ্যমাত্রা নিয়েছে তা বাস্তবায়নে চলমান শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে পারে। একই সঙ্গে কানাডার জনগণের উচ্চ মূল্যে কেনার প্রবণতাকে কাজে লাগাতে পারে।

২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ কানাডার বাজারে ১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। যার ৯৬ শতাংশই তৈরি পোশাক।

পিয়ের লাঘামে বলেন, বিগত দিনে বাংলাদেশ তৈরি পোশাক খাতে অনেক উন্নতি করেছে। তবে অনেক ক্ষেত্রে আরো উন্নয়ন প্রয়োজন। শ্রমিকের কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রানা প্লাজার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এ সময় বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিগত দিনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভাপতি আতিকুল ইসলাম সভাপেতিত্ত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, দ্বিতীয় সহ-সভাপতি এম এ মান্নান কচি প্রমুখ।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।