সিপিভিসি পাইপ আনছে আরএফএল
গ্রাহকের চাহিদা বিবেচনা করে অত্যাধুনিক প্রযুক্তির সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করতে শুরু করেছে দেশের অন্যমত শিল্প প্রতিষ্ঠান আরএফএল। ফ্লোগার্ড প্লাস নামের এই নতুন ব্র্যান্ডের সিপিভিসি পাইপ অগ্নি প্রতিরোধক, উচ্চ তাপ-সহনীয় এবং ক্ষয় হয়না। বিশ্ব বাজারের ন্যায় গুণগত মান রক্ষা করে আরএফএল এই পাইপ উৎপাদন করবে। আর এতে আরএফএল এর সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস।
বুধবার রাতে আনুষ্ঠানিক ভাবে আএফএল ও লুব্রিজল আনুষ্ঠানিক ভাবে সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাতকরণের কথা জানায়।
এ উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরএফএল এর পরিচালক আরএন পল, লুব্রিজল এর জেনারেল ম্যানেজার জন নুন্নারি, ইস্ট এশিয়ার হেড অব টেম্পারাইট মনোজ ধর, কি একাউন্ট ম্যানেজার সঞ্জয় দূরানিসহ আএফএল এর উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
এসময় আর এন পল বলেন, আরএফএল ক্রেতাদের কাছে এক বিশ্বস্ত নাম। আমরা দেশের মানুষের জন্য নানাবিধ পণ্য উৎপাদন করে যাচ্ছি। ধন্যবাদ লুব্রিজলকে সিপিভিসি পাইপ উৎপাদনে আরএফএলকে নির্বাচন করায়।
তিনি বলেন, বিশ্বব্যাপী সিপিভিসি পাইপ ক্রেতাদের প্রথম পছন্দ। এতোদিন বাংলাদেশে এই পাইপ আমদানি করে বাজারজাত করা হতো। কিন্তু এখন আর সেটি করতে হবে না। ফলে ক্রেতারা তুলনামূলক কম দামে এই পাইপ এখন কিনতে পারবেন।
জন নুন্নারি বলেন, ২০০৫ সাল থেকে সিপিভিসি পাইপ উৎপাদনে অংশীদার খুঁজছিলাম আমরা। আরএফএলকে আমরা বিশ্বাসের সঙ্গে বেছে নিয়েছি। আশা করছি, আগামী দিনগুলোতে আরএফএল এর সঙ্গে আমাদের পথচলা আরো নিবিড় হবে।
তিনি বলেন, আশা করছি আরএফএল লুব্রিজলের সঙ্গে গুণগত মানের পণ্য বাজারে ক্রেতাদের কাছে পৌঁছে দেবে।
মনোজ ধর বলেন, এই পাইপে এক সঙ্গে ঠান্ডা ও গরম পানি সরবরাহ করা যাবে। পান ও পানের যোগ্য করে তোলা পানি সরবরাহে সিপিভিসি পাইপ নিরাপদ।
সঞ্জয় দূরানি বলেন, আরএফএল আমাদের সঠিক নির্বাচন।
জানা গেছে, সিপিভিসি পাইপ ৯৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। একই সঙ্গে ঠান্ডা পানিও সরবরাহ করা যায় এর মাধ্যমে। আর এই পাইপে নেই ক্ষয়।
আরএফএল এর ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদুল ইসলাম বলেন, বাংলাদেশে পানি সরবরাহে পিপিআর পাইপ ব্যবহার হচ্ছে। কিন্তু সিপিভিসি পাইপ অধিক টেকসই ও নিরাপদ। এটি অতিরিক্ত চাপ সহ্য করতে পারে। ফিটিংস করাও সহজ।
খুব শিগগিরই বাংলাদেশের বাজারে সিপিভিসি পাইন জনপ্রিয় হবে বলেও মনে করছে আরএফএল ও লুব্রিজল কর্তৃপক্ষ।
এসএ/ এসআরজে