অর্থনৈতিক কার্যক্রমে সিএ’দের দক্ষতা বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী
অর্থনৈতিক কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের (সিএ) পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নতুন পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে এ গুরুত্বারোপ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি-রফতানিসহ সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকা অপরিসীম। সরকারের রুপকল্প-২০২১ বাস্তবায়নে তারা আগামীতে আরো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, তৈরি পোশাক আমাদের রফতানি আয়ের প্রধান খাত। রফতানি আয় বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আইটি, ফার্নিচার, চামড়া, ওষুধ ও পাটের ওপর নগদ সহায়তা দেয়া হচ্ছে। রফতানি সম্প্রসারণে সরকারের এই উদ্যোগ এগিয়ে নিতে আইসিএবি সদস্যদের আরো কর্মদক্ষতা দেখাতে হবে।
প্রতিবেশী দেশসমূহের তুলনায় বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সূচকে অনেকক্ষেত্রে এগিয়ে গেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন পাকিস্তানের তুলনায় অর্থনৈতিক ও সামাজিক সব সূচকে এগিয়ে গেছে। সামাজিক অনেক সূচকে ভারতকেও পেছনে ফেলেছে। বাংলাদেশের এখন গড় আয়ু সত্তরের ওপরে। অথচ পাকিস্তান ও ভারতের গড় আয়ু যথাক্রমে ৬৫ ও ৬৬।
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আইসিএবির ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির পেশাগত দায়িত্ব পালনের সুনাম রয়েছে। জাতির জনকের নেতৃত্বে যাত্রা শুরু হওয়া ক্ষুদ্র প্রতিষ্ঠানটি এখন অনেক বিস্তার লাভ করেছে। শুরুতে এর সদস্য সংখ্যা ছিলো মাত্র ৭৮। সেই সদস্য সংখ্যা এখন ১৮০০ ছাড়িয়ে গেছে।
এতে অন্যান্যের মধ্যে আইসিএবির প্রেসিডেন্ট মসিহ্ মালিক চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট এ এফ নেছারউদ্দিন এফসিএ বক্তব্য রাখেন। আইসিএবি ভবনের তৃতীয় তলায় প্রযুক্তিসমৃদ্ধ আধুনিক এই পাঠাগার স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট মসিহ্ মালিক চৌধুরী আইসিএবির সার্বিক কার্যক্রম, পেশাগত শিক্ষা, প্রশিক্ষণ, নিরীক্ষামাণ, পেশাগত আচরণ ও নৈতিকতার মানদণ্ডে এর অগ্রগতি মন্ত্রীকে অবহিত করেন। এর আগে মন্ত্রী আইসিএবির কেন্দ্রিয় পাঠাগার উদ্বোধন করেন।
একে/আরআই