শিরোপা নিশ্চিতের মঞ্চে এল ক্লাসিকো, বার্সেলোনার সামনে রিয়াল মাদ্রিদ
লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। বার্সেলোনা জিতলেই চ্যাম্পিয়ন। এমনকি ড্র করলেও শিরোপা নিশ্চিত হতে পারে কাতালানদের। তবে, প্রতিপক্ষ কিন্তু যেন-তেন নয়। খোদ রিয়াল মাদ্রিদ।
মূলত আজ মহারণে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রোববার রাতে ক্যাম্প ন্যুতে রিয়ালকে আতিথ্য দেবে হান্সি ফ্লিকের বার্সা। এই ম্যাচেই শিরোপা নিশ্চিত করার সুযোগ কাতালানদের সামনে। ড্র করলেও ২৯তম লা লিগা ট্রফি নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।
মৌসুমের প্রথম লেগে রিয়ালের মাঠে হেরেছিল বার্সা। তবে ঘরের মাঠে এবার দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। লিগে এখন পর্যন্ত নিজেদের সবকটি হোম ম্যাচ জিতেছে বার্সেলোনা। ১৯৮৫-৮৬ মৌসুমের পর এটাই তাদের প্রথম নিখুঁত হোম রেকর্ডের পথে এগিয়ে যাওয়া।
বর্তমানে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানের রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। টানা ১০টি লিগ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর ফ্লিকের দল। সর্বশেষ ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে তারা।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বার্সা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন না তরুণ তারকা লামিন ইয়ামাল।
অবশ্য কিছুটা স্বস্তিও আছে কাতালান শিবিরে। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। যদিও ম্যাচ ফিটনেসের অভাবে তাকে বেঞ্চ থেকেই শুরু করতে হতে পারে।
রাফিনহাও ফিট আছেন। আক্রমণভাগে অভিজ্ঞ রবার্ট লেওয়াডস্কির সঙ্গে মার্কাস রাশফোর্ড ও ফারমিন লোপেজকে নিয়ে একাদশ সাজাতে পারেন হ্যান্সি ফ্লিক। মাঝমাঠে থাকবেন পেদ্রি ও গাভি।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের অবস্থা বেশ নড়বড়ে। দলের ভেতরে অস্থিরতার খবরও বেরিয়েছে। ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির মধ্যে শারীরিক সংঘর্ষের খবর ছড়িয়ে পড়েছে। এতে মাথায় চোট পেয়ে ভালভার্দে ছিটকে গেছেন বলে জানা গেছে।
এর সঙ্গে ইনজুরির তালিকাও দীর্ঘ। দানি কারভাহাল, রদ্রিগো, আর্দা গুলের, দানি সেবাইয়োস ও এডার মিলিতাও চোটের কারণে বাইরে। শুধু তাই নয়, হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না কিলিয়ান এমবাপেও। ক্লাবের পক্ষ তেকে জানিয়ে দেওয়া হয়েছে এ তথ্য।
রিয়ালের রক্ষণভাগে জোড়াতালি দিয়েই দল সাজাতে হচ্ছে। ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড ও ফ্রান গার্সিয়াকে ফুলব্যাক হিসেবে দেখা যেতে পারে। মাঝখানে আন্তোনিও রুডিগারের সঙ্গে খেলতে পারেন ডিন হুইসেন।
আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের জুটির দিকেই তাকিয়ে থাকবে রিয়াল। তাদের গোলই কেবল বার্সেলোনার শিরোপা উদযাপন পিছিয়ে দিতে পারে।
মূলতঃ আজকের এল ক্লাসিকো শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, এটি হতে যাচ্ছে শিরোপা নির্ধারণের মঞ্চও। ক্যাম্প ন্যুতে নিজেদের সমর্থকদের সামনে ট্রফি নিশ্চিত করতে মরিয়া বার্সেলোনা। আর শেষ আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই রিয়ালের সামনে।
আইএইচএস/