সিটি নির্বাচনের প্রভাব পুঁজিবাজারে


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৯ এপ্রিল ২০১৫

তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। নির্বাচনের পরদিন দরপতন হয়েছে উভয় শেয়ারবাজারে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

সিটি কর্পোরেশন নির্বাচন গ্রহণযোগ্য না হলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বিনিয়োগকারীদের মনে এমন আতঙ্ক রয়েছে বেশ কিছু দিন ধরে। এদিকে বেশ কয়েকদিন ধারাবাহিক দরপতন হয়েছে পুঁজিবাজারে। টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর সোমবার কিছুটা সূচক বাড়লেও একদিন পর আবার দরপতন হলো দুই স্টক এক্সচেঞ্জে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত দরপতনে লেনদেন শেষ হয়।

বুধবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে চার হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে।

আর টাকায় লেনদেন হয়েছে ৩১৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৩ কোটি টাকা।

এদিন মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯১টির দাম বেড়েছে, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৭ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৬টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯৯ লাখ টাকা।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।