আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ গঠনে সহযোগিতা করবে বাংলাদেশ


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ গঠন এবং বিসিআইএম-এর সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির অফিসে আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ গঠন নিয়ে চীনের ইউনান প্রদেশের ফিন্যান্সিয়াল অ্যাফেয়ার্স অফিসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বৈঠকে ক্রস বর্ডার ট্রেডিং এবং লিস্টিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ এবং চীনের স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

এসময় বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, আরিফ খান, মো. এ সালাম শিকদার, এবং সিএসইর চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ উপস্থিত ছিলেন।

পিপলস ব্যাংক অব চায়নার প্রেসিডেন্ট ডিরেক্টর শিয়াও ফিং এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকা এসেছেন। সফরে প্রতিনিধি দলটি ডাচ বাংলা ব্যাংক, বিআইআইএসএস, বাংলাদেশ ব্যাংক, ডিএসই এবং সিএসইর সঙ্গে প্রকল্পগুলো নিয়ে আলোচনা করবে।

প্রতিনিধি দলটির সার্বিক তত্ত্বাবধান করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্তৃপক্ষ।

এসআই/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।