এফবিসিসিআই নির্বাচন : মনোয়ারার প্যানেল ঘোষণা শনিবার
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ নির্বাচনে ইন্ট্রাকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বর্তমান প্রথম-সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ নামে প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
শনিবার প্যানেল সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। মনোয়ারা হাকিম আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার আমরা স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের ব্যানারে আমাদের প্যালেনের প্রার্থীদের নাম ঘোষণা করবো।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন পরিষদ নামে একটি প্যানেল ঘোষণা করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে। এর মধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনিত হয়ে আসবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ৩০ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ১৯৩ জনকে প্রাথমিকভাবে ভোটার করা হয়েছে।
এর মধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৬৩ জনকে ভোটার করা হয়েছে।
এসআই/বিএ/পিআর