পুঁজিবাজারে দরপতন


প্রকাশিত: ১০:১৪ এএম, ১১ জুন ২০১৫

সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন দরপতনের পর বুধবার ঊর্ধ্বমুখী ছিলো পুঁজিবাজার। দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রধান সূচক বাড়ে ৪২ পয়েন্ট। একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার আবারো দরপতন হলো পুঁজিবাজারে। ডিএসইতে সূচক কমলো ৪১ পয়েন্ট।

এদিকে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস চাঙ্গাভাব নিয়ে লেনদেন শুরু হলেও সপ্তাহ শেষ হলো দরপতনে। বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৮৬ টির দাম বেড়েছে, কমেছে ১৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে চার হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক  ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৯ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে। টাকায় লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৭১ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫২১ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৪টির, কমেছে ১৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৪৩ লাখ টাকা।

এসআই/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।