পুঁজিবাজার উন্নয়নে ডিএসই-সুইসকন্ট্যাক্টের সমঝোতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৭ মে ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই/ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজার ব্যবস্থার মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

রোববার (১৭ মে) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় নুজহাত আনোয়ার বলেন, পারস্পরিক সমন্বয় ও সুস্পষ্ট পরিকল্পনার ফলে নতুন উদ্যোগটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে, যা এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসএমইদের পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়াতে সক্ষমতা উন্নয়ন, করপোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স (মান মেনে চলা) বিষয়ে সহায়তা প্রয়োজন।

হেলাল হোসেন বলেন, এসএমই কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও তারা অর্থায়ন, প্রতিযোগিতা সক্ষমতা ও কমপ্লায়েন্স-সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি।

তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে এসএমইদের জন্য বিকল্প অর্থায়ন ও ইকুইটি ভিত্তিক (অংশীদারত্বমূলক) মূলধন সংগ্রহের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি।

আরও পড়ুন
বিমা-বস্ত্রের ঢালাও দরপতন, কমেছে সূচক-লেনদেন
বাংলাদেশে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যে আগ্রহী নিউজিল্যান্ড

তিনি আশা প্রকাশ করেন, ডিএসইর সঙ্গে এ অংশীদারত্ব সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, কৃষিসহ বিভিন্ন কৌশলগত খাতে কাজ করবে। পাশাপাশি পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি), সাসটেইনেবিলিটি রিপোর্টিং (টেকসইতা প্রকাশ), উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীলতা, বাণিজ্য সহায়তা এবং দক্ষতা উন্নয়ন-সংক্রান্ত বিষয়েও যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সক্ষমতা উন্নয়ন কর্মসূচি, সচেতনতামূলক কর্মশালা, ইনকিউবেশন সহায়তা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করবে, যাতে বিভিন্ন প্রতিষ্ঠান পুঁজিবাজারে অধিকতর অংশগ্রহণে উৎসাহিত হয়। একই সঙ্গে গ্রিন বন্ড, টেকসইতা-সংযুক্ত বন্ড, সুকুক এবং ব্লেন্ডেড-ফাইন্যান্স (মিশ্রিত অর্থায়ন) মডেলসহ টেকসই অর্থায়ন পণ্য উন্নয়নেও সহযোগিতা করা হবে।

এমএএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।