২০১৬ সালে পালিত হবে ট্যুরিজম বর্ষ


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২০ জুন ২০১৫

২০১৬ সালে ‘ট্যুরিজম বর্ষ’ পালিত হবে। ধারণা করা হচ্ছে- এ বছরে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশে আসবে। বিদেশি পর্যটকদের উন্নত সেবা প্রদানের জন্য ট্যুর অপারেটরদের দক্ষতা বাড়াতে সরকার তরুণ ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ প্রদান করছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আখতারুজ্জামান খান কবির বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ট্যুরিজম বছরে দশ লাখ বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের প্রস্তুতির অংশ হিসেব আমরা ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, আমাদের পর্যটক শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও যথাযথ মার্কেটিং কৌশলের অভাবে আমরা আমাদের পর্যটন সুবিধা কাজে লাগাতে পারছি না। তিনি আরো বলেন, আন্তর্জাতিক ট্যুরিজমের উন্নয়নের পাশাপাশি আমরা বিদেশি পর্যটকদের উন্নত সেবা প্রদানে আমাদের সক্ষমতা নিশ্চিত করছি। গত সপ্তাহে বিটিবি ট্যুরিজম বর্ষকে সামনে রেখে একদল তরুণ ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ দিয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। ট্যুরিজম বর্ষের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আমরা ট্যুরিজম শিল্পের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পদক্ষেপ নিয়েছি।

বিটিবি সূত্র জানায়, ট্যুরিজম বর্ষ সফল করতে ‘ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইন’ শিরোনামে একটি নীতিমালা গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। প্রচারণা চারভাবে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো- প্রস্তুতি, প্রি-ইয়ার প্রমোশন, সিলেকশন ও ইভাল্যুয়েশন।

পরিকল্পনার অংশ হিসেবে বিটিবি ইতোমধ্যেই ট্যুরিজম বর্ষের একটি খসড়া ইভেন্ট ক্যালেন্ডার তৈরি করেছে। বাংলাদেশে ঐতিহাসিক বৌদ্ধ স্থানগুলো পরিদর্শনের জন্য বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে আগামী অক্টোবর মাসে রাজধানীতে ‘বুড্ডিস্ট ট্যুরিজম’ সার্কিটের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৌদ্ধ অধ্যুষিত ১৩টি দেশের মন্ত্রিবর্গ এবং ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (ডব্লিউটিও) ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দেবেন।

বিটিবি ধারণা করছে, এতে ট্যুরিজম বর্ষের সময়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক বাংলাদেশে আসবে। পর্যটক বর্ষ উদযাপনে প্রস্তাবিত বাজেটে ২শ’ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।