পতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু ও শেষ
দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও দেশের উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনশেষে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। দর হারিয়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহের পাঁচ কার্যদিবস লেনদেন হয় যা প্রতিদিনই দরপতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছিল পুঁজিবাজারে। আর এনিয়ে গত ১৮ জুন থেকে টানা ছয় কার্যদিবস পতনবৃত্তে দেশের শেয়ারবাজার।
বৃহস্পতিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে চার হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক অপরিবর্তিত থেকে দাঁড়িয়েছে ১ হাজার ৯২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭১৫ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৭২ কোটি টাকা।
এদিন মোট ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টির, কমেছে ১৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকা।
এসআই/এএইচ/পিআর/এসআরজে