বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
বিলুপ্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিভিন্ন পদের ১৫ জন কর্মকর্তাকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং এটি গত ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে।
সংযুক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। এছাড়া অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা বেগম শারমিন নিগার, মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী, রুহুল আমীন এবং মো. হেমায়েত উদ্দিনকে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) হিসেবে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মুন্সী আব্দুল মজিদ, মোহা. ইমদাদুল হক, বি এম তারিকুল কবীর ও মনজুর কাদেরকে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. হারুন রেজা ও মো. হাফিজুল ইসলামকে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), সুব্রত ঘোষ শুভ ও বেগম মুহসিনা হোসেন তুষিকে সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং বেগম সাদিয়া আফরীন ও মো. আরমান হোসেনকে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) হিসেবে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশ বাতিল করে জাতীয় সংসদ।
গত ৯ এপ্রিল বিরোধীদলের আপত্তি নাকচ করে সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করা হয়। পরের দিন (১০ এপ্রিল) বিলটির গেজেট জারি হয়। এর মাধ্যমে বিলুপ্ত হয় সুপ্রিম কোর্ট সচিবালয়।
আরএমএম/এমএমকে