দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: নজরুল ইসলাম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতার সুযোগে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে তুলছে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের ত্যাগের শিক্ষা দেয়। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং কোরবানির আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়া।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান সামাজিক সংকট নিয়ে আলোচনা করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে