আরএফএল’র ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল) ২০১৪ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.), নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ পাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য তাদের মতামত ব্যক্ত করেন। এছাড়া বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থাও প্রকাশ করেন।
বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।
এসআরজে/আরআইপি