করোনা : কেয়ার বাংলাদেশের সঙ্গে কাজ করছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১১ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কেয়ার বাংলাদেশের সঙ্গে কাজ করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)।

এ লক্ষ্যে গাজীপুরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে করোনা প্রতিরোধের জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিকুইড সাবান ও হাত ধোয়ার বিভিন্ন উপকরণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

এর পাশাপাশি স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করছে। এ ছাড়া জিএসকের কর্মকর্তারা গাজীপুরের সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির ঘাটতি পূরণে হরলিক্স বিতরণ করছেন।

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের অর্থায়নে পরিচালিত হ্যালো প্লাস প্রকল্পের মাধ্যমে এবং কেয়ার বাংলাদেশের সহায়তায় গাজীপুরের স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় সরকারি কর্মকর্তা ও কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এসব কার্যক্রম চালানো হয়েছে।

এ বিষয়ে শনিবার গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের ১২, ১৭, ১৯, ২২ এবং ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলরদের সমন্বয় করে মোট ১৯টি স্বেচ্ছাসেবক দল ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ গঠন করা হয়।

গাজীপুরের বাইমাইল এলাকায় করোনা প্রতিরোধের জন্য সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরণের সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আব্বাস উদ্দিন।

তিনি বলেন, কোভিড- ১৯ এর সংক্রমণের কারণে দেশের এই পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত মানুষগুলো নিজেদের খাবারও সংগ্রহ করতে পারছে না। এ সময় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সহয়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য জিএসকে ও কেয়ার বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের কাছে হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিকুইড সাবানসহ প্রতিরক্ষামূলক সরঞ্জাম ও হাত ধোয়ার উপকরণ তুলে দেন হ্যালো প্লাস প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এখন পর্যন্ত হ্যালো প্লাস প্রকল্পের আওতায় করোনা প্রতিরোধে প্রায় ৩০ হাজার পোশাক শ্রমিক এবং ৪০ হাজার সুবিধাবঞ্চিত মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যার মধ্যে রয়েছে- সচেতনতামূলক আলোচনা, সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শন, হাত ধোয়ার ব্যাপারে দলগত সচেতনতাবিষয়ক অধিবেশনসহ গাজীপুর সিটি করপোরেশনের আওতায় বিভিন্ন কল-কারখানা ও কমিউনিটিতে হাত ধোয়ার ব্যবস্থা করা।

এমএএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।