নারায়ণগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে হাসপাতাল দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ শহরে বিএনপির নাম ভাঙিয়ে মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসা ল্যাব নামে একটি হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের একাংশের মালিক ডা. লায়লা পারভীন বানু সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তবে হাসপাতালের অপর অংশীদারদের দাবি, তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন। বরং ডা. লায়লা পারভীন বানু এককভাবে হাসপাতাল দখল নেওয়ার চেষ্টা করছেন।

ডা. লায়লা পারভীন বানু অভিযোগ করে বলেন, আমি হাসপাতালের মালিক ও প্রতিষ্ঠাতা হিসেবে ২৫ বছর ধরে সেবামূলক চিকিৎসা সেবা প্রদান করে আসছি। কিন্তু গত চার মাস ধরে আমাকে কোনো রকমের লভ্যাংশ দেওয়া হচ্ছে না। আমাকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমাকে ভয় দেখাতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের নাম ব্যবহার, স্থানীয় বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডা. জুবাইদা রহমানের সঙ্গে আত্মীয়তার দাবি করে আমাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে আমি তাদের জাল দাবিগুলো মেনে নিই। আমি থানায় গিয়েছি। অনলাইন জিডি করেছি। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো কার্যকর সুরক্ষা পাইনি। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের ব্যবস্থার আবেদন করছি।

তবে এ বিষয়ে মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসা ল্যাবের ডিরেক্টর মো. গোলাম মোস্তফা টিপু বলেন, ডা. লায়লা পারভীন বানু সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। তিনি ও তার ছেলেরা জোর করে হাসপাতাল ভাঙচুর করে দখলে নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে বিএনপির নাম ভাঙানো প্রসঙ্গে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এখানে কেউ বিএনপির নাম ব্যবহার করছেন না। বরং ডা. লায়লা পারভীন বানুর ছেলেরা এককভাবে হাসপাতালের দখল নেওয়ার জন্য অন্যদের দোষারোপ করছেন।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।