মতলব-বেড়িবাঁধ সড়ক উন্নয়নে ১২১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

চাঁদপুর ও কুমিল্লা জেলা সদরের সঙ্গে মতলব উত্তর উপজেলার উন্নত সড়ক যোগাযোগ তৈরি হচ্ছে। এ জন্য মঙ্গলবার ‘মতলব-মেঘনা-ধনাগোদা-বেড়িবাঁধ (জেড-১০৬৯) সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে খরচ ধরা হয়েছে ১২১ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকা। পুরোটাই সরকারি অর্থায়নে হবে।

প্রকল্পটি ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।

এ প্রকল্পের আওতায় মাটির কাজ (প্রশস্তকরণ) ৪ দশমিক ৮৩ লাখ ঘনমিটার, পেভমেন্ট প্রশস্ত করা হবে (২×০.৯০ মিটার প্রস্থে) ৩৭ দশমিক ৯৪ কিলোমিটার, বাঁক প্রশস্ত করা হবে ৮০০ মিটার, পেভমেন্ট মজবুত করা হবে ১৩ দশমিক ৭৫ কিলোমিটার, সার্ফেসিং (বেইজ কোর্স ৩ দশমিক ৭০ মিটার প্রস্থে) ২৪ দশমিক ২০ কিলোমিটার, সার্ফেসিং (ওয়ারিং কোর্স ৫ দশমিক ৫০ মিটার প্রস্থে) ৩৭ দশমিক ৯৪ কিলোমিটার, বাস-বে (৩টি) ৩১৫ মিটার, সসার ড্রেন নির্মাণ ৬২০ মিটার, ক্রস ড্রেন ২৪০ মিটার, আরসিসি প্যালাসাইডিং ২ হাজার ৪০০ মিটার, রোড মার্কিং ৯ হাজার ১০৫ দশমিক ৬০ বর্গমিটার, নির্মাণকালীন রক্ষণাবেক্ষণ ৩৭ দশমিক ৯৪ কিলোমিটার, জেনারেল ও সাইট ফ্যাসিলিটিজ, সাইন, সিগনাল, কংক্রিট গাইড পোস্ট, কংক্রিট কিলোমিটার পোস্ট, ডিরেকশনাল সাইন স্থাপন করা ইত্যাদি।

প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের মত, এটি বাস্তবায়ন হলে চাঁদপুর ও কুমিল্লা জেলা সদরের সাথে মতলব উত্তর উপজেলার উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনসহ প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

পিডি/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।