অবশেষে কমছে জ্বালানি তেলের দাম


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৮ মার্চ ২০১৬

অবশেষে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে দাম কমানোর ঘোষণা আসবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে কয়েক দিনের মধ্যেই পরিপত্র জারি করা হবে। অন্যান্য জ্বালানি তেলের দাম কবে থেকে কতটা কমবে, সে বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে এক মাস সময় লাগতে পারে।

সূত্রে জানা গেছে, ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ১৬ টাকা পর্যন্ত কমতে পারে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে দীর্ঘ দিন ধরে দেশে দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছে ব্যবসায়ী সংগঠনগুলো। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নামতে নামতে ১১০ ডলার (প্রতি ব্যারেল) থেকে মাত্র ৩০ ডলারে ঠেকেছে। এখনই দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করার সময় বলে দাবি করেন তারা।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।