পে-কমিশনের প্রতিবেদন সরকারে কাছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রোববার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করার কথা থাকলেও অর্থমন্ত্রী বিদেশে থাকায় তা সম্ভব হয়নি। গত বছরের ২৪ নভেম্বর দেশের ১৩ লাখ সরকারি চাকরীজীবীর জন্য ১৭ সদস্যবিশিষ্ট ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন-২০১৩’ গঠন করে অর্থ মন্ত্রণালয়। ১৭ ডিসেম্বর থেকে এ কমিশন কার্যকর হয়। কমিশনকেছয় মাসের (১৭ জুন) মধ্যে সুপারিশ সংবলিত একটি প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়। পরে কমিশনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। এছাড়া নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরির ক্ষেত্রে বাবা-মাসহ ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় এবং দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় বিবেচনায় নেয়া হয়েছে।