চট্টগ্রামে ২৫ চিত্রশিল্পীর অংশগ্রহণে ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’-এ অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের একাংশ/ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। কনটেম্পরারি আর্টিস্ট ফোরাম ইন্টারচ্যাঞ্জের উদ্যোগে রোববার (২৬ এপ্রিল) নগরীর কনকর্ড ফয়’স লেকে অনুষ্ঠিত ক্যাম্পে ২৫ জন চিত্রশিল্পী অংশ নেন।

ক্যাম্পে যোগ দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, ২৫ জন শিল্পীর ২৫ রকম দৃষ্টিভঙ্গি, ২৫ রকম স্বপ্ন একই ক্যানভাসে মিলেছে। এই চিত্রপ্রদর্শনী শুধু রং আর তুলির সমাহার নয়, এটি সময়ের দলিল। এখানে কারও আঁকায় আছে প্রকৃতির মায়া, কারও আঁকায় সমাজের নানান অসঙ্গতি নিয়ে প্রশ্ন, আবার কারও আঁকায় নিছকই সৃষ্টির সরল আনন্দ। শিল্প মানুষকে মানুষের কাছে আনে। এই সম্মিলিত প্রয়াস তারই প্রমাণ।

তারা আরও বলেন, ২৫ জন শিল্পী মানে ২৫টি জানালা। এই জানালা দিয়ে আমরা নতুন পৃথিবী দেখছি। একজন শিল্পী যখন ছবি আঁকেন, তিনি তার হৃদয়টাকে সবার সামনে মেলে ধরেন। এই প্রদর্শনীতে ২৫টি হৃদয়ের গল্প লেখা আছে। এই সাহস ও সৃজনশীলতা প্রশংসার দাবিদার। শিল্পীদের তুলিই আগামী দিনের বাংলাদেশকে রঙিন করবে।

রোববার সকাল ১০টার মধ্যে শিল্পীরা পরিবারসহ উপস্থিত হয়ে স্ন্যাকস গ্রহণ করেন। ক্যাম্প শুরুর আগে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগারের সৌজন্যে শিল্পীদের হাতে ক্যাম্প পোশাক তুলে দেন লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আর্ট ক্যাম্প শেষ হয়। এরপর শিল্পীরা পরিবারসহ সী-ওয়ার্ল্ডে জলকেলিতে অংশগ্রহণ করেন। একই দিন বিকেলে আঁকা ছবিসমূহ এবং সম্মিলিত অংশগ্রহণে বিশেষ শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফয়’স লেকে আগত বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী শেষে লেকের পাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কথামালা, গান, আবৃত্তিতে অংশ নেন চিত্রশিল্পী ও পরিবারের সদস্যরা। সন্ধ্যায় বারবিকিউর মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক প্রণব মিত্র চৌধুরীর নেতৃত্বে এবং চিত্রশিল্পী ও সাংবাদিক এম এম আজিজুল কদিরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন শিল্পী উত্তম কুমার বড়ুয়া, মনোয়ার, সোহেল, ইব্রাহিম, সাদী, পারভেজ, জিয়াউদ্দীন চৌধুরী, জেসমিন, সুভাষ, মুছা, জিয়া সিকদার, সজল, রাব্বী, দুর্জয়, শওকত, বিশ্বজিৎ, রাসেল, শাওন প্রমুখ।

এমডিআইএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।