নৌবাহিনী কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রাজধানীর মিরপুরের নৌবাহিনী কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্ আল মাকসুস। বিশেষ অতিথি ছিলেন ফারজানা বেগম। প্রধান অতিথি উদ্বোধন ঘোষণার পর মশাল জ্বেলে পুরো মাঠ প্রদক্ষিণ করা হয়। পরে প্যারেডের জন্য অনুমতি চান কলেজ ক্যাপ্টেন। এরপর বিনসিসি, রোভার স্কাউট, নৌ স্কাউট দল এতে অংশ নেয়।
মহান মুক্তিযুদ্ধে নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, শহীদ আক্তার উদ্দিন, শহীদ মহিবুল্লাহ, শহীদ দৌলত নামে ‘হাউজে’ ভাগ হয়ে শিক্ষার্থীরা মাঠের চারপাশ প্রদক্ষিণ করে। বাংলাদেশ নৌবাহিনীর ব্যান্ড দলও এ প্যারেড অনুষ্ঠানে অংশ নেয়। এরপর মনোজ্ঞ ডিসপ্লেতে অংশ নেয় শিক্ষার্থীরা। হলদে পাখিসহ নানান সাজে বর্ণিল হয়ে ওঠে মাঠ।
প্রতিযোগিতা পর্বে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা, রিলে দৌড়, ভারসাম্য দৌড়, যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে রশি টানাটানির প্রতিযোগিতা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্ আল মাকসুস শিক্ষার্থীদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন। তিনি লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানবীয় গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এএএইচ/এমকেআর