শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী নয়, শিক্ষা আইন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কনসালটেশন কমিটির চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার শিক্ষা আইন প্রণয়নে উদ্যোগ নিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

তিনি বলেন, শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে খসড়াও প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা হয়তো এটা বাস্তবায়ন করে যেতে পারবো না। তবে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন; নির্বাচিত সরকার এ উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাবেন। তারাই এটিকে পূর্ণাঙ্গ রূপ দেবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ দেড় বছর শিক্ষা আইন নিয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে এমন কথা জানালেন শিক্ষা উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার অন্যান্য বিষয়ে নির্বাচিত সরকার যেন আরও ভালো কাজ করে এ আহ্বান আমরা জানাতে চাই। অবশ্যই আমাদের মানসম্মত শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের অধিকার সর্ম্পকে আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, বিশ্বায়নের যুগে আমাদের শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমাদের দেশের মেধা ও শ্রম আমাদের কাজে লাগাতে হবে।

অধ্যাপক ড. সি আর আবরার বলেন, আমাদের স্বীকৃত মূল্যবোধগুলো একেবারে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীরা নৈতিক অবস্থানে যেনে থাকতে পারেন, সেদিকে নজর দিতে হবে। শুধু চাকরির জন্য পড়াশোনা নয়। তারা যেন মানসিকভাবে গড়ে উঠতে পারেন, আমাদের প্রচেষ্টা এরকমই রয়েছে।

অনুষ্ঠানে কনসালটেশন কমিটি শিক্ষার ছয়টি খাত সংস্কারে একগুচ্ছ সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মাধ্যমিক শিক্ষার সামগ্রিক শাসন ও ব্যবস্থাপনায় স্থায়ী শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা টাস্কফোর্স গঠনের সুপারিশ।

এএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।