৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ নিয়ে সভায় বসেছে পিএসসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি কর্ম কমিশন ভবন। ফাইল ছবি

৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায কমিশন সচিবালয়ে এ সংক্রান্ত সভা শুরু হয়েছে। পিএসসি সূত্র এ তথ্য জানিয়েছে।

কমিশনের পরীক্ষা শাখার একজন কর্মকর্তা জানান, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রস্তুত করা হয়েছে। এ ফলাফলে কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কি না, তা নিয়ে আলোচনা হবে কমিশন সভায়। এতে পিএসসির চেয়ারম্যান ও সদস্যরা অংশ নিয়েছেন।

তিনি বলেন, সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে আজই ফল প্রকাশ করা হতে পারে। আর যদি কোনো ত্রুটি বা সংশোধন প্রয়োজন হয়, তাহলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফল প্রকাশ করা হতে পারে।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। এ বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে এক হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। এছাড়া নন-ক্যাডারের পদ রয়েছে ৩৯৫টি।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।