ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়নের রূপরেখা থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১০ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে স্পষ্ট রূপরেখা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগির ১৮০ দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছেন। এ পরিকল্পনায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো বাস্তবায়নের রূপরেখা থাকবে।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এমন একটি উদার ও সহনশীল সমাজ গড়ার আহ্বান জানান, যেখানে নারীরা কোনো ভয় বা বাধা ছাড়াই কাজ করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, জাতিসংঘ বাংলাদেশ এবং লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির যৌথ উদ্যোগে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী 
গবেষণায় চুরি ঠেকাতে ‌‘অভিন্ন’ নীতিমালা করছে ইউজিসি 

নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নারীদের কর্মক্ষেত্রে পুরোপুরি সম্পৃক্ত করতে হলে একটি নিরাপদ ও সহায়তামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নিজের নির্বাচনি এলাকার একটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নারী পোশাকশ্রমিকের সন্তানদের জন্য সেখানে ডে-কেয়ার সেন্টার স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে মা-বোনেরা তাদের সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারছেন। এ সুবিধাকে আরও ছড়িয়ে দিতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো পোশাক কারখানার মালিকদের সঙ্গে মিলে কাজ করছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাবিহা ইয়াসমিন রোজী।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।