রাজধানীতে নকল ধরায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ এএম, ১১ মার্চ ২০২৬
তেজগাঁও কলেজ/ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল ধরাকে কেন্দ্র করে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আসামিরা হলেন শিক্ষার্থী শরীফুল ইসলাম, মো. রাসেল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজন। 

এদিকে, শিক্ষককে মারধরের ঘটনাটি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সরাসরি তদারকি করছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। ঘটনাটি সরাসরি শিক্ষামন্ত্রী তদারকি করছেন।

এজাহারে তেজগাঁও কলেজের শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা চলাকালে তিনি পরিদর্শক হিসেবে কলেজের ৬০৮ নম্বর কক্ষে যান। সেখানে গিয়ে দেখেন, আসামি শরীফুল ইসলাম ও মো. রাসেল মিয়া অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিলেন। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসামিদের পরীক্ষা থেকে বহিষ্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে।

এ ঘটনায় শরীফুল, রাসেল ও অজ্ঞাতনামা আরও ছয়-সাতজন শিক্ষক সোহেলের পথরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে অভিযোগ দেন।

উল্লেখ, গত শুক্রবার তেজগাঁও কলেজ কেন্দ্রে পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় দায়িত্ব পালনরত শিক্ষক লাঞ্ছিত ও মারধরের শিকার হন।

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।