প্রাথমিকের ম্যানেজিং কমিটি ১২ সদস্যের, থাকবেন মেম্বার-কমিশনারও
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচালনা কমিটি করার বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে ১২ জন্য সদস্য রাখার কথা বলা হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা পৌরসভার কমিশনারকেও রাখতে হবে।
গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
নীতিমালা অনুযায়ী- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সদস্য হবেন মোট ১২ জন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হবেন। বিদ্যালয়ের অভিভাবকদের মধ্য থেকে মনোনীত প্রতিনিধি সদস্য থাকবেন দুজন। একজন নারী ও একজন পুরুষ। তাদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে।
বিদ্যালয়ের অভিভাবকদের মধ্য থেকে নির্বাচিত দুজন পুরুষ ও দুজন নারী সদস্য রাখা হবে। শিক্ষকদের মধ্য থেকে একজন নির্বাচিত সদস্য হবেন। জমিদাতা বা জমিদাতার উত্তরাধিকারী সদস্য হবেন একজন।
স্থানীয় সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বা মাদরাসা অথবা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক সদস্য থাকবেন এবং ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা পৌর এলাকার (পৌরসভার মধ্যে বিদ্যালয় হলে) কমিশনারকে সদস্যপদে রাখা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন/আদেশ বাতিল করা হলো। নতুন এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।
এএএইচ/এমএএইচ/