পিএসসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই জরুরি: ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

মেধা ও যোগ্যতার পাশাপশি উচ্চ-নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন প্রার্থীদের নিয়োগে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁওয়ে ‘স্থবিরতা থেকে সুশাসনের নবযাত্রা: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে ‘সরকারি চাকরিতে নিয়োগে মেধা ও জনআস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ পরামর্শ দেন।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, পিএসসি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মূলত মেধা ও যোগ্যতা বিবেচনা করে। প্রার্থীদের মধ্যে অনেকের উচ্চ নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি থাকায় দেশের মানুষকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে তারা ব্যর্থ হয়েছেন। এর ফলে সরকারি কর্মকাণ্ডে জনআস্থা অর্জন করা সম্ভব হয়নি, যা দেশের গণঅভ্যুত্থানের পেছনে একটি কারণ হিসেবে দেখা যায়।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি পিএসসির নিয়োগে যোগ্য এবং মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রার্থীদের উচ্চ নৈতিকতা ও মূল্যবোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দেন।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদালয়গুলোর মূল লক্ষ্য চাকরি ক্ষেত্রের উপযোগী দক্ষ জনবল তৈরি করা। দক্ষ জনবল তৈরি করাই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বরং একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে উদ্যোক্তা কিংবা অন্য যা কিছুই করতে চান সেখানে যেন সফল হোন সেভাবে তাকে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। দেশে এ ধরনের একটি উপযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধা, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে দ্রুত একটি নীতিমালা তৈরি করা দরকার। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও পিএসসি একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান।

আলোচনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম এবং ইউএনডিপির বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালী দায়ারাত্নে।

অনুষ্ঠানে পিএসসির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানসহ বিভিন্ন মন্ত্রণালয়, পিএসসি, ইউজিসি, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে পিএসসি সংস্কার প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির সদস্য প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।