ভিকারুননিসার স্কুল শাখায় অনলাইন ক্লাস শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ/ফাইল ছবি

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সপ্তাহে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন ক্লাস চালু করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ১২ এপ্রিল শুধুমাত্র কলেজ শাখার শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। এবার প্রতিষ্ঠানটির স্কুল শাখাও অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত স্কুল শাখা এবং কলেজ শাখার সব শ্রেণির ক্লাস হবে অনলাইনে। বুধবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা নোটিশে বলা হয়, স্কুল শাখার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৬ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনদিন অফলাইন (শনি, সোম, বুধবার) ও তিনদিন অনলাইন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ক্লাস কার্যক্রম হবে। অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক স্ব স্ব শ্রেণির শিক্ষকের মাধ্যমে ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

এদিকে ১২ এপ্রিল কলেজ শাখার শিক্ষার্থীদের অনলাইনে প্রথম দিনের মতো ক্লাস নেওয়া হলেও তাতে উপস্থিতি কম ছিল। প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী সেদিন অনলাইন ক্লাসে অংশ নেননি। পাশাপাশি অনেক শিক্ষার্থী ইন্টারনেটের দুর্বল সংযোগসহ টেকনিক্যাল সমস্যায় ক্লাসে অংশ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান তাদের অভিভাবকরা।

কলেজ শাখার শিক্ষার্থীরা এমন সমস্যায় পড়ার পর এবার স্কুল শাখার শিশু শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালু করছে প্রতিষ্ঠানটি। স্কুল শাখার অনলাইন ক্লাসে আরও বেশি টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।

jagonews24

ভিকারুননিসার প্রধান শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বাবা আল নাহিয়ান প্রতিষ্ঠানটির নামে চালু করা এক ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘বাচ্চাদের অনলাইনে ক্লাস করানো আত্মঘাতী সিদ্ধান্ত হবে। যেখানে কলেজ শাখার শিক্ষার্থী, যারা বয়সে বড় ও মোবাইল চালাতে পারদর্শী, তারাই ক্লাসে ঠিকমতো যুক্ত হতে পারেনি; সেখানে শিশুশিক্ষার্থীরা কীভাবে পারবে? বাবা-মায়েদের কি কোনো কাজ নেই। সারাক্ষণ সন্তান অনলাইনে ক্লাস করবে আর আমরা কী চাকরি ছেড়ে তাদের পাশে বসে থাকবো? এ সমস্যার সমাধান কী? সরকার হঠকারিতা কেন করছে?’

জানতে চাইলে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জাগো নিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এ সপ্তাহ থেকে অনলাইন-অফলাইন ক্লাস চালু করেছি। ছুটির কারণে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার স্কুল শাখায় প্রথম দিনের মতো অনলাইন ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা এরই মধ্যে টেকনিক্যাল সমস্যাগুলোর সমাধান করেছেন। আশা করি, ভালোভাবে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারবে।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।