এসএসসির উত্তরপত্র পাঠানো নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষার ওএমআর শিট ও উত্তরপত্র কেন্দ্র থেকে শিক্ষা বোর্ডে ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে কমলা রঙের কাপড়ের প্যাকেট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র ডাকযোগে বোর্ডে পাঠানোর ক্ষেত্রে কমলা রঙের কাপড় দিয়ে মোড়ানো প্যাকেটজাতকরণের নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু কেন্দ্র ওএমআর ও উত্তরপত্র সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে ডাকযোগে পাঠাচ্ছে।
ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায়, কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র ডাকযোগে বোর্ডে প্রেরণের ক্ষেত্রে কমলা রঙের কাপড় দিয়ে মুড়িয়ে প্যাকেটজাত করার জন্য নির্দেশনা দেওয়া হলো। বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ২১ এপ্রিল ১১টি শিক্ষা বোর্ডের অধীন সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। আজ পর্যন্ত চার বিষয়ের পরীক্ষা হয়েছে। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
এএএইচ/এমআইএইচএস