এসএসসির চতুর্থ দিনে বহিষ্কার ৪৯, অনুপস্থিতি ৩২ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এদিন অনুপস্থিত ছিল ৩২ হাজার ৩৯২ জন। হিসাব অনুযায়ী- তৃতীয় দিনের চেয়ে এদিন বহিষ্কার বেড়েছে। তবে অনুপস্থিতি কমেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিল ১৬ হাজার ১৮৪ জন।

ইংরেজি দ্বিতীয়পত্রে সবচেয়ে বেশি সাতজন বহিষ্কার হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এরপর রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে বহিষ্কার হয়েছে ছয়জন। এছাড়া ময়মনসিংহে পাঁচজন, যশোরে দুজন, সিলেটে দুজন, কুমিল্লায় একজন, চট্টগ্রামে একজনকে বহিষ্কার করা হয়। তবে রাজশাহী ও দিনাজপুর বোর্ডে এদিন কেউ বহিষ্কার হয়নি।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে আজ আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে। এতে সারা দেশে বহিষ্কার হয়েছে ২৪ জন। এছাড়া অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৪৪ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও এসএসসির (দাখিল) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছে একজন। এদিন কারিগরি বোডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৪ জন পরীক্ষার্থী।

গত ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে সারাদেশে বহিষ্কার হয়েছিল ৬ জন। দ্বিতীয় দিনে বহিষ্কার করা হয় ১৯ জনকে। তৃতীয় দিনে বহিষ্কার হয়েছিল ৪০ জন এবং অনুপস্থিত ছিল ৩৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।