গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
নিয়াজ আহমেদ খান/ফাইল ছবি

 

বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে তিনি পরামর্শক পদে যোগদান করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট বলেছে, সরকারি অনুমোদনের পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও চলছে। প্রায় ৩৩ একর (প্রায় ১০০ বিঘা) জমির ওপর এ ক্যাম্পাসটি নির্মিত হতে যাচ্ছে। জমির প্রথম অংশটি ২০১৪ সালে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে অধিগ্রহণ করা হয়। তবে বারবার প্রক্রিয়া সম্পন্নের পরেও তৎকালীন সরকার অনুমোদন না দেওয়ায় প্রকল্পে বিলম্ব হয়েছে। ফলে এর কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয় অবশেষে ২০২৫ সালের মার্চে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়; পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকেও অনুমোদন পায়। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও নীতিমালার আলোকে বিস্তারিত পর্যালোচনা, যাচাই-বাছাই, পরিদর্শন এবং মূল্যায়নের পর এসব অনুমোদন দেওয়া হয়েছে।

এখন সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়র কার্যক্রম শুরু হবে রাজধানী ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন) ক্যাম্পাসে। এ নার্সিং কলেজটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের অধীনে পরিচালিত হবে। একই স্থানে প্রায় ৭০০ শয্যার একটি বড় আন্তর্জাতিক হাসপাতাল, একটি মেডিকেল কলেজ এবং একটি স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটও নির্মাণাধীন রয়েছে। এ সমন্বিত উদ্যোগ চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।