ডুসাকের সভাপতি মাহমুদুল সম্পাদক সাকিব
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’ (ডুসাক)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব।
রোববার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা। এর আগে শনিবার তারা নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র।
সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র তিনি।
দায়িত্ব গ্রহণের পর মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, ডুসাক শুধু একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। চুয়াডাঙ্গা জেলা থেকে আগত নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে খাপ খাইয়ে নিতে সহযোগিতা করা এবং তাদের যে কোনো সংকটে পাশে থাকাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বশেষ কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমানে সব শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা নিয়ে পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি এবং জেলার সার্বিক উন্নয়নে ডুসাক সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলেও জানা গেছে।
এনএস/ইএ