বাউবির শিক্ষার মানোন্নয়নে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ


প্রকাশিত: ০৭:০০ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক এম এ মান্নান বলেন, বাউবির শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ক্লাসে না গিয়েও শিক্ষার্থীরা বাসায় বসে এলএমএস (ই-লার্নিং সাইট), ভাইবার, ফেসবুকসহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর উপকরণের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রশ্ন করে তার উত্তর জেনে নিতে পারবে।

বাউবির পঞ্চম সমাবর্তন উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি বলেন, এক সময় বাউবির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নকল হওয়ার অভিযোগ ছিল। কিন্তু বর্তমানে আমরা সেই বদনাম থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছি।    

১৯ ডিসেম্বর বিকেলে বাউবি ক্যাম্পাসে ৫ম সমাবর্তন অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তব্য রাখবেন কমনওয়েলথ অব লার্নিং (কানাডা) এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার।

বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তনে বাউবির ৫টি স্কুলের ৫ হাজার ১২ জন গ্র্যাজুয়েট নিবন্ধিত হয়েছেন।  

উপাচার্য অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধ্যক্ষ মো. আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসাইন আহমেদ ভূইয়া, গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার প্রমুখ।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।