বিদ্যালয়ে সমন্বয় বদলীর সুপারিশ
সংসদীয় স্থায়ী কমিটি’র সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়ের মান সামঞ্জস্য করার লক্ষ্যে উপজেলা শিক্ষা কমিটির সাথে আলোচনার মাধ্যমে এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে সমন্বয় বদলীর সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১২তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন যে সকল বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে ওই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিজ বিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করে জেএসসি পরীক্ষা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া কমিটি রস্ক প্রকল্পের মাধ্যমে পরিচালিত ‘আনন্দ স্কুল’ নিয়মিত পরিদর্শন করে যে সকল জায়গায় স্কুলের প্রয়োজনীয়তা রয়েছে সেই স্কুলগুলো রেখে বাকীগুলো বন্ধ করে দেয়ার সুপারিশ করে।
কমিটি সভাপতি মো. মোতাহার হোসেন সভায় সভাপতিত্ব করেন। কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল এই সভায় অংশগ্রহণ করেন।
আরএস/আরআই