চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিক্ষাক্রম প্রণয়ন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১২ অক্টোবর ২০২১
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করতেই শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে হাতে-কলমে শিক্ষায় ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

মঙ্গলবার (১২ অক্টোবর) যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

ডা. দীপু মনি বলেন, ‘এ ল্যাবরেটরি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ। দেশের বিত্তবানদের এ ধরনের জাতি গঠনমূলক কাজে এগিয়ে আসতে হবে।’

জাহেদী ফাউন্ডেশন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পরিবেশবান্ধব ছয়তলা ভবন নির্মাণ করবে। যেখানে ১২টি আধুনিক সুবিধা সম্বলিত ল্যাবরেটরি থাকবে। আগামী ছয় মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী বক্তব্য রাখেন।

এমএইচএম/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।