প্রাথমিক শিক্ষকদের শাস্তির নির্দেশনার চিঠি বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
গত নভেম্বরে বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি দিয়েছিলেন প্রাথমিকের শিক্ষকরা/ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে জারি করা চিঠি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এক অফিস আদেশে অধিদপ্তর চিঠিটি বাতিল করে। এতে বলা হয়, একই তারিখে জারি করা আগের দেওয়া নির্দেশনা বাতিল করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানুয়ারি ২০২৬ মাসের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এরপর গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান।

আরও পড়ুন
বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলন, শাস্তির মুখে প্রাথমিক শিক্ষকরা

ওই চিঠিতে বলা হয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মবিবরতি বা আন্দোলনে ছিলেন। কর্মবিরতি-আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছিল, এরই মধ্যে কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য অত্র দপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বর্জন শুরু করেন শিক্ষকরা। পরদিনও ক্ষতির মুখে পড়ে পরীক্ষা গ্রহণ। অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি। ২ ডিসেম্বর রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।