‘আইন শৃঙ্খলাবাহিনী আঙুল চুষলে ছাড় নয়’


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৯ মার্চ ২০১৬

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আসন্ন ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি হুঁসিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরাধ না ঠেকিয়ে ভোটকেন্দ্রে আঙ্গুল চুষলে ছাড় দেয়া হবে না ।
 
নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এসময় আইন শৃঙ্খলাবাহিনীকে পরিস্থিতি দেখে কঠোর ভূমিকা রাখার তাগিদ দেন শাহনেওয়াজ। আইন শৃঙ্খলাবাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কাউকে সুযোগ দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আইন শৃঙ্খলাবাহিনীর সামনে অপরাধ হবে, আর সেখানে তারা আঙুল চুষবে-এ ধরনের কোনো বিষয় প্রশ্রয় দেব না। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মেরে যাবে আর তখন হাঁ করে দাঁড়িয়ে থাকবে- সেটাও আমরা সহ্য করব না। নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার সবটাই নিতে হবে।

শাহনেওয়াজ বলেন, প্রথমধাপে কিছু অনিয়ম পেয়েছি, ব্যবস্থাও নিয়েছি। এখন সংশ্লিষ্টদের সতর্ক করে বলতে চাই-দায়সারা কাজ করে দায়িত্ব এড়াতে চাইলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম করলে চরম ব্যবস্থা নিতে পিছনা না হওয়ার জন্যে নির্দেশ দিয়েছি।

পরিস্থিতি দেখে আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে ইসির এই কমিশনার বলেন. অনিয়ম বরদাশত করা হবে না। ব্যর্থতার জন্যেও কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধ করলে সে যেই হোক তাকে গ্রেফতার ও তার বিরুদ্ধে মামলা করা হবে। ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি-এটা একটা সতর্ক বার্তা সবার জন্যে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপিতে ভোট হয়েছে। আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোট হবে প্রায় সাড়ে ছয়শ’ ইউপিতে।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।