মালাইকা আসলেই কি সোরাবের সঙ্গে প্রেমে মজেছেন?
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি ‘ছাইয়া ছাইয়া’ খ্যাত এই তারকার সঙ্গে নাম জড়িয়েছে ‘স্প্লিটসভিলা’ খ্যাত মডেল ও অভিনেতা সোরাব বেদীর। একটি হাই-প্রোফাইল পার্টিতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা-তবে কি মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম?
তবে এই গুঞ্জন সরাসরি অস্বীকার করেছেন সোরাব বেদী। তার দাবি, মালাইকার সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্বের। এর বাইরে কিছুই নয়।
সোরাব বলেন, “আমি মালাইকা অরোরাকে অনেক বছর ধরে চিনি। আমরা শুধু বন্ধু। আমাদের মধ্যে বিশেষ কিছু নেই।”
তিনি আরও জানান, মডেলিং ক্যারিয়ারের শুরুতে ডেলনাজ দারুওয়ালা ও ভাহবিজ মেহতা তাকে র্যাম্পে হাঁটার সুযোগ করে দিয়েছিলেন। তাদের মাধ্যমেই এক পার্টিতে প্রথম মালাইকা অরোরার সঙ্গে তার পরিচয় হয়। মালাইকা অরোরা ডেলনাজ দারুওয়ালা ও ভাহবিজ মেহতার ঘনিষ্ঠ বন্ধু। এরপর থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় পার্টির আমেজে মালাইকা অরোরা ও সোরাব বেদী বেশ স্বচ্ছন্দে সময় কাটাচ্ছেন। হাসি-আড্ডায় মেতে উঠেছেন তারা। ভিডিওতে সোরাব বেদীর পাশে দাঁড়িয়ে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায় মালাইকা অরোরাকে। পরে সোরাব বেদী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওটি শেয়ার করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
তবে ভিডিওটি ঘিরে নানা মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন সোরাব বেদী। তিনি বলেন, “মানুষ আমাদের নিয়ে নানা কথা বলছে। কোনো মেয়েকে নিয়ে মন্তব্য করার আগে দুবার ভাবা উচিত। এতে তার মানসিক অবস্থার ওপর প্রভাব পড়তে পারে।”
তিনি আরও জানান, বহু বছর ধরেই ভাহবিজ মেহতা, ডেলনাজ দারুওয়ালা ও মালাইকা অরোরার সঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা-সাক্ষাৎ হচ্ছে তার। আগে মালাইকা অরোরার সঙ্গে ছবি শেয়ার করলেও তখন তিনি ততটা পরিচিত ছিলেন না। এখন পরিচিতি বাড়ায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
প্রসঙ্গত, একসময় অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মালাইকা অরোরা। বিচ্ছেদের পর দীর্ঘদিন অভিনেতা অর্জুন কাপুর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে সেই সম্পর্কও ভেঙে গেছে। এরই মধ্যে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল।
আরও পড়ুন:
বড়পর্দায় কি দেখা যাবে সালমান ও সামান্থার রসায়ন?
হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন
এবার সোরাব বেদীর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি মালাইকা অরোরা।
এমএমএফ