আশা ভোঁসলের শেষকৃত্যে অনুপস্থিত শাহরুখ-সালমান, কারণ কী?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
আশা ভোঁসলের শেষকৃত্যে অনুপস্থিত ছিলেন শাহরুখ খান ও সালমান খান। ছবি: সংগৃহীত

কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে। দেশ-বিদেশের অসংখ্য শিল্পী তাকে স্মরণ করে জানিয়েছেন গভীর শ্রদ্ধা। মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে এই বরেণ্য শিল্পীর শেষকৃত্য। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার।

শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন চলচ্চিত্র ও সংগীত জগতের অনেক তারকা। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিংসহ অনেকে। তবে সবার নজরকাড়ে দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের অনুপস্থিতি। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিভিন্ন আলোচনা-সমালোচনা।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে জানানো হয়, শেষকৃত্যের সময় শাহরুখ ও সালমান দুজনেই মুম্বাইয়ে অবস্থান করছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণেই তারা সেখানে উপস্থিত হননি। বিপুল ভিড় সামাল দেওয়া এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেষযাত্রায় না থাকলেও প্রিয় ‘আশা তাই’-কে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করেছেন দুই তারকাই। শাহরুখ খান লিখেছেন, আশা ভোঁসলের কণ্ঠ ভারতীয় সিনেমার এক স্তম্ভ হয়ে থাকবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রেরণা জোগাবে। অন্যদিকে সালমান খান বলেন, ভারতীয় সংগীত জগতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। আশা ভোঁসলের গান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:
মা আশাজির পাগল ভক্ত ছিলেন: প্রসেনজিৎ 
রাজনীতিতে জড়ানোর গুঞ্জন নিয়ে যা বললেন জিৎ 

গত ১২ এপ্রিল মারা যান আশা ভোঁসলে। তার মৃত্যুর কারণ হিসেবে মাল্টি অর্গান ফেলিওরের কথা জানা গেছে। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে আনন্দ ভোঁসলে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন তার সহকর্মী ও অনুজ শিল্পীরাও। গায়ক শান ও সুদেশ ভোঁসলে গান গেয়ে এই কিংবদন্তিকে শেষ বিদায় জানান।

চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে আশা ভোঁসলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে-এমনটাই মনে করছেন তার সহকর্মী ও ভক্তরা।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।