‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা, সহ-প্রযোজক বললেন, ‘আবার কোর্টে যাবো’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৬ মে ২০২৬
‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা, সহ-প্রযোজক বললেন, ‘আবার কোর্টে যাবো’

দীর্ঘদিনের অপেক্ষা ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে ঈদে মুক্তির ঘোষণা এসেছে ‘বনলতা সেন’ সিনেমার। তবে মুক্তির ঘোষণা এলেও নতুন করে জটিলতায় পড়তে পারে সিনেমাটি। সহ-প্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরেই সিনেমাটির মুক্তির খবর শোনা গেলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের বিরোধ আদালত পর্যন্ত গড়ায়।

এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি পোস্টার প্রকাশ করে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এ বিষয়ে উজ্জ্বল বলেন, আদালতের নির্দেশনা মেনেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তিনি নেতিবাচক বিষয় নয়, বরং কীভাবে সিনেমাটি বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়, সেটি নিয়েই ভাবছেন।

অন্যদিকে সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, আদালত তাদের সমঝোতার মাধ্যমে সিনেমা মুক্তির নির্দেশ দিলেও সেটি মানা হয়নি।

তার ভাষ্য, ‘একদিন উজ্জ্বলের লোক আমাকে ফোন দিয়েছিলো। কিন্তু পরে আর কোনো যোগাযোগ করেনি। আমি সেন্সর বোর্ডে চিঠি দেওয়ার পরও কোনো সমাধান হয়নি। বরং মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি আবারও কোর্টে যাব।’


পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল

জানা গেছে, ‘বনলতা সেন’ সিনেমার জন্য তরুণ মজুমদারের কাছ থেকে ৬১ লাখ টাকা নিয়েছেন নির্মাতা উজ্জ্বল। কিন্তু তাকে বাদ দিয়েই সিনেমাটি মুক্তির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময়ও তার নাম উল্লেখ করা হয়নি বলে দাবি তার। পাশাপাশি হিসাবের গরমিলের অভিযোগও তুলেছেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নির্মাতা উজ্জ্বল বলেন, ‘তার সঙ্গে আমার ব্যবসায়িক চুক্তি আছে। অথচ সিনেমা মুক্তির আগেই তিনি প্রতারণার অভিযোগ করে আদালতে গেছেন। সর্বশেষ শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছেন, সিনেমা মুক্তি পাবে। এরপর লাভ-ক্ষতির বিষয়টি সমাধান হবে। সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে।’

কবি জীবনানন্দ দাশ-এর বিখ্যাত কবিতার চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডলপ্রিয়ন্তী উর্বী

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।