যেভাবে কাটে নুসরাত ফারিয়ার রোজার মাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
নুসরাত ফারিয়া

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া বহু চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন। জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে নানা বিতর্ক ও আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হলেও সেসব কাটিয়ে আবারও নিয়মিত কাজে ফিরেছেন তিনি। 

আর দশজন ধর্মপ্রাণ মুসলিমের মতো নুসরাত ফারিয়ারও রোজার মাস কাটে সংযম, পবিত্রতার মধ্য দিয়ে। রোজা নিয়ে আছে তার শৈশব ও কৈশোরের অনেক স্মৃতিও। বড়বেলায় মিস করেন সেইসব দিনগুলো।

নায়িকা হওয়ার পর রমজান মাস কেমন কাটে- এ প্রশ্নে নুসরাত ফারিয়া বলেন, ‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি- এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।’

নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া জানান, এই মুহূর্তে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে চান না তিনি।

তার ভাষায়, ‘বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকবো কি না-তা এখনও নিশ্চিত নয়। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।’

নুসরাত ফারিয়া বলেন, ‘অনেকগুলো কাজ নিয়ে কথা চলছে। সময় হলে সবই জানতে পারবেন। এখন এইগুলো কাজ করব, সেটাও নিশ্চিত না। তাই এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলতে চাইছি না।’


সাফা কবিরের উপস্থাপনায় ‘ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানে মায়ের সঙ্গে নুসরাত ফারিয়া

রমজানের আবহে পরিবার, ভালোবাসা ও আত্মিক অনুভূতির গল্প নিয়েই সাফা কবিরের উপস্থাপনায় ‘ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির থাকবেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে থাকবেন তার মা। আজ প্রথম রোজার দিন বিকেলে অনুষ্ঠানটি প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।