বিয়ের দাওয়াত দিলেন ‘দেনা পাওনা’ নাটকের অ্যালেন শুভ্র, পাত্রী কে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
‘দেনা পাওনা’ নাটক দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অ্যালেন শুভ্র

ছোটপর্দার পরিচিত মুখ অ্যালেন শুভ্র। বৈচিত্রময় অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন তিনি। নাটকে নিয়মিত কাজের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সাম্প্রতিককালে তার সব জনপ্রিয়তা ‘দেনা পাওনা’ নাটককে কেন্দ্র করে।

এ নাটকে খায়রুল চরিত্র দিয়ে সারাদেশের নাটকপ্রেমীদের অন্তর ছুঁয়ে যাচ্ছেন তিনি।

কেএম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ শুরুতে মাত্র ছয় পর্বে প্রচারের কথা ছিল। তবে গত বছরের শেষ দিকে প্রচার শুরু হওয়ার পর দর্শকের ব্যাপক সাড়া মেলায় পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন নির্মাতা। নাটকটি বর্তমানে ১১৭ পর্ব প্রচার করেছে। প্রতিটি পর্বই দর্শকের মন জয় করেছে।



‘দেনা পাওনা’ নাটকের খায়রুল-নিপা জুটির চরিত্রে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া

নাটকে অ্যালেন শুভ্র অভিনয় করেছেন তাবাসসুম ছোঁয়ার বিপরীতে। ছোঁয়ার চরিত্রের নাম নিপা। দুজনের বিয়েকে কেন্দ্র করে জমে উঠেছে ধারাবাহিকটি।

নাটকের গল্পের ধারাবাহিকতায় খায়রুল ও নিপার বিয়ের আয়োজন দেখানো হচ্ছে। বিষয়টি সামনে এনে অ্যালেন শুভ্র মজার ছলে দর্শকদের দাওয়াত দিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা সবাই আসবেন খায়রুলের বিয়েতে। আমার বউ কে, সেটা আমি পরে জানাচ্ছি!’


শুটিংয়ের ফাঁকে খুনসুটিতে মেতেছেন ‘দেনা পাওনা’ নাটকের খায়রুল-নিপা

নাটকটিতে শুভ্র ও ছোঁয়া জুটি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু, সুষমা সরকারসহ আরও অনেকে।

অ্যালেন শুভ্রর অভিনয়জীবনের শুরু অমিতাভ রেজা পরিচালিত নাটক ‘ইচ্ছে হলো’ দিয়ে। বড়পর্দায় তার অভিষেক ঘটে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর মাধ্যমে।


‘দেনা পাওনা’ নাটকের একটি দৃশ্য

ক্যারিয়ারে উত্থান-পতনের অভিজ্ঞতা থাকলেও বর্তমানে নিয়মিত ভালো কাজের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা করছেন এই অভিনেতা। ‘দেনা পাওনা’ নাটকে তার চরিত্র ও অভিনয় সেই প্রচেষ্টারই নতুন দৃষ্টান্ত।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।